লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৯
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ সিডন এলাকার একটি শহর ও একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন এবং অন্য একটি শহরে আরও তিনজন নিহত হয়েছেন।
আজ বুধবার আল জাজিরার খবরে এমনটি বলা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, আদলুন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চারজন এবং মিয়ে মিয়ে শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে হামলায় আরও দুজন নিহত হয়েছেন। এই হামলায় আরও চারজন আহত হয়েছেন।
লেবাননের দক্ষিণাঞ্চলে অন্য একটি অংশে হাবুশ শহরে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন বলে এনএনএ এর আগে জানিয়েছিল।
ইসরায়েলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের বরাত দিয়ে বুধবার সকালে আল জাজিরা জানায়, ইসরায়েলের দিকে ৩০টি রকেট বা ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। এই হামলার ফলে উত্তর ইসরায়েলের সাফদ শহরসহ বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে।
এদিকে কানাডা জানিয়েছে, তারা দক্ষিণ লেবানন দখলের ইসরায়েলি পরিকল্পনার ‘তীব্র নিন্দা’ জানাচ্ছে। ইসরায়েলি বাহিনী লেবাননে বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনা করার প্রেক্ষাপটে কানাডা সতর্ক করে বলেছে, লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা কোনোভাবেই ‘লঙ্ঘন করা যাবে না’।
দেশটিতে চলতি মাসের শুরু থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে অন্তত এক হাজার ৭২ জনে এবং আহতের সংখ্যা প্রায় তিন হাজার।
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং রাজধানী বৈরুতে কয়েক সপ্তাহের ইসরায়েলি হামলায় ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি স্থল হামলার আশঙ্কার মুখে সব পর্যায় থেকে মানবিক সংকটের চরম সতর্কতা জারি করা হচ্ছে।
লেবাননের সরকার ও জনগণের প্রতি ‘সংহতি’ প্রকাশ করে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় বুধবার বলেছে যে, এই সংঘাতের সব পক্ষকে অবশ্যই ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী কাজ করতে হবে’।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং অবকাঠামো, স্বাস্থ্যকর্মী ও শান্তিরক্ষীদের ওপর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
গতকাল মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোও বলেন, ইসরায়েলের উচিত দক্ষিণ লেবানন দখলের পরিকল্পনা থেকে বিরত থাকা। তিনি সতর্ক করে বলেন যে, এমন পদক্ষেপ বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।
বারো এএফপি সংবাদ সংস্থাকে বলেন, আমরা ইসরায়েলি কর্তৃপক্ষকে এই ধরনের স্থল অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানাই, যা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে এবং দেশটির বর্তমান শোচনীয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
ফ্রান্স ও কানাডার এই কড়া বিবৃতিগুলো এমন সময় এলো, যখন ইসরায়েল ঘোষণা করেছে যে, তাদের সামরিক বাহিনী ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত লিটানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেবে।