মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যেও বাজারে পর্যাপ্ত তেল আছে: আন্তর্জাতিক জ্বালানি সংস্থা

স্টার অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ অবস্থা বিরাজ করলেও বাজারে পর্যাপ্ত তেল আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

সংস্থাটির প্রধান ফাতিহ বিরল আজ শুক্রবার বেলজিয়ামের ব্রাসেলসে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, 'মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলায় বিশ্বজুড়ে তেল সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছে তা প্রশমিত করার চেষ্টা চলছে। তবে বাজারে পর্যাপ্ত তেল আছে।'

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চল জুড়ে তেহরানের হামলায় বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এতে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ও বৈশ্বিক অর্থনীতি থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা প্রধান বলেন, 'যুদ্ধের কারণে জ্বালানি পরিবহন ব্যবস্থায় জটিলতা তৈরি হয়েছে। অনেক দেশ চ্যালেঞ্জের মধ্যে পড়েছে।'

'তবে বিশ্ববাজারে প্রয়োজনের চেয়েও বেশি তেল মজুদ রয়েছে,' যোগ করেন তিনি।

জরুরি মজুদ থেকে তেল সরবরাহের বিষয়ে পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সব ধরনের বিকল্পই আলোচনায় আছে। প্রচুর তেল আছে, কোনো ঘাটতি নেই।'

'আমরা সাময়িক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি,' বলেন তিনি।

যুদ্ধের কারণে জ্বালানি পরিবহনে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এ পথ দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন হয়।

এ সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে রক্ষার প্রতিশ্রুতি দিলেও তেলের দাম বেড়েই চলছে।

সংঘাতের কারণে অপরিশোধিত তেলের দাম গত কয়েকদিনে প্রায় ২০ শতাংশ বেড়েছে।

উল্লেখ্য, ১৯৭৩ সালে বিশ্বজুড়ে তেল সংকট তৈরি হলে তা মোকাবিলায় সমন্বিত ব্যবস্থা নিতেই আন্তর্জাতিক জ্বালানি সংস্থা প্রতিষ্ঠা হয়।