ইরানের ডুবে যাওয়া যুদ্ধজাহাজ থেকে ৩২ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

স্টার অনলাইন ডেস্ক

ইরানের ফ্রিগেট শ্রেণির যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা থেকে গুরুতর আহত ৩২ নাবিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কা। 

গত বুধবার শ্রীলঙ্কার জলসীমার ঠিক বাইরে ওই যুদ্ধজাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ। 

আজ বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
কী কারণে ওই নৌযানটিতে বিস্ফোরণ ঘটে এবং কেন এটি ডুবে যায়, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

SL’s request to join BRICS on hold as group decides not to expand for the  moment -Vijitha – The Island
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ। ছবি: দ্য আইল্যান্ড শ্রীলঙ্কা

 

তবে শ্রীলঙ্কার পার্লামেন্টে হেরাথ বলেন, আহতদের দ্বীপরাষ্ট্রটির দক্ষিণে অবস্থিত একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

১৮০ ক্রূর ফ্রিগেটটি ভোর বেলায় সহায়তা চেয়ে বার্তা পাঠায়। 

শ্রীলঙ্কার উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ডুবে যাই আইআরআইএস ডেনা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাকি ক্রুদের খোঁজা হচ্ছে। 

এএফপিকে এক কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো খোঁজ চালিয়ে যাচ্ছি। তবে বাকি ক্রুদের ভাগ্যে কি হয়েছে, সে ব্যাপারে আমাদের এখনো কোনো ধারণা নেই।’

হেরাথ জানান, উদ্ধারকাজে সহায়তা করতে শ্রীলঙ্কার নৌবাহিনীর দুইটি নৌযান ও একটি উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে। তবে তিনি জাহাজডুবির কারণ জানাননি। 

বিরোধীদলের এক আইনপ্রণেতা পার্লামেন্টে মন্ত্রীর কাছে জানতে চান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান হামলার কারণে ইরানের ওই যুদ্ধজাহাজটি আক্রান্ত হয়েছিল কী না। 

তবে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ প্রশ্নের কোনো জবাব আসেনি। 

নৌবাহিনীর মুখপাত্র বিদ্ধিকা সামপাথ জানান, আন্তর্জাতিক নৌচলাচলের ক্ষেত্রে কলম্বোর যে দায়বদ্ধতা আছে, তার সঙ্গে তাল মিলিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। 

ওই অভিযানে ইরানের ৩২ নাবিককে উদ্ধার করে রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দূরে অবস্থিত গল শহরের সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গল
ইরানের আহত সেনাদের নৌবাহিনীর সদস্যরা গলের হাসপাতালে নিয়ে আসে। ছবি: এএফপি

 

সামপাথ এএফপিকে বলেন, ‘আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে আমরা সাহায্যের ডাকে সাড়া দিয়েছি। ভারত মহাসাগরে এটা আমাদের খোঁজ ও উদ্ধার অঞ্চলের মধ্যে পড়েছে। 

শ্রীলঙ্কার নৌবাহিনী ও বিমানবাহিনী জানিয়েছে, তারা উদ্ধার অভিযানের ফুটেজ প্রকাশ করছে না, কারণ এতে অন্য একটি দেশের সামরিক বাহিনীর সংশ্লিষ্টতা আছে। 

ইরানের আহত সেনাদের নৌবাহিনীর সদস্যরা গলের হাসপাতালে নিয়ে আসে। এরপর পুলিশ ওই হাসপাতালের নিরাপত্তা জোরদার করেছে। 

এর আগে হামলা চালিয়ে ইরানের নৌবাহিনীর নয়টি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ওই নয়টি জাহাজের মধ্যে ‘কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ।’