লেবাননে ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে, বাস্তুচ্যুত আরও অনেকে: জাতিসংঘ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ধারাবাহিকতায় লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
আজ মঙ্গলবার জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র বাবর বালুচ বলেন, ‘লেবাননের দক্ষিণাঞ্চল, বেকা ও বৈরুতের দক্ষিণ উপশহর জুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েল ৫৩টিরও বেশি লেবাননি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। লেবাননের এই তিনটি অংশে তীব্র বিমান হামলা চালিয়েছে।
‘গতকালের হিসাব অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষকে নিবন্ধন করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। অনেকেই রাস্তার পাশে নিজেদের গাড়িতে রাত কাটিয়েছে। আরও অনেকে নিরাপত্তার খোঁজে হেঁটে অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করছেন,’ যোগ করেন এ মুখপাত্র।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজ জানায়, লেবাননে বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলে সংগঠনের শক্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে তারা তিনটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘ইসরায়েলের দিকে হিজবুল্লাহর গোলাবর্ষণ ও ইসরায়েলের তীব্র আকারে পাল্টা হামলার ঘটনায় লেবাননে সংঘাত বেড়ে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
‘আমরা দুই পক্ষকেই অবিলম্বে এই বড় ধরনের সহিংসতা বন্ধ করে পূর্বে সম্মত যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি,’ বলেন তিনি।
তিনি বেসামরিক হতাহত ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পর পুনরায় ব্যাপক বাস্তুচ্যুতির কথাও উল্লেখ করেন।