ইরান, ইরাক ও ইসরায়েলের আকাশসীমা বন্ধ
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে ইরান, ইরাক ও ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখাভান বলেছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকবে।’
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরাকের সংবাদ সংস্থা আইএনএ-এর বরাত দিয়ে এএফপি জানায়, ইরানে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে প্রতিবেশী ইরাকও আজ শনিবার তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
ইরাকের পরিবহন মন্ত্রণালয় ‘আকাশসীমা বন্ধের’ ঘোষণা দিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
এদিকে বিবিসি বলছে, ইরান ও ইরাকের মতো ইসরায়েলও বেসামরিক উড়োজাহাজ চলাচলের জন্য নিজেদের আকাশসীমা সকাল থেকে বন্ধ রেখেছে।