মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর অভিযোগ, তদন্ত করছে পুলিশ

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড এবং আশপাশের ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গ্যাসলাইনে লিকেজ বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রমনা থানার পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। তদন্তে প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

রমনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল দ্য ডেইলি স্টারকে বলেন, আজ ভোর ৬টার দিকে তারা খবর পান যে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি যে হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ড এবং আশপাশের এলাকায় ছয়টি বাচ্চা মারা গেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কোনো গ্যাস ফল্ট বা লিকেজের কারণে এমনটা হতে পারে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা আমরা এখনো নিশ্চিত নই।’

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে। সেখানে আসলেই কোনো লিকেজ বা যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।’

ঘটনার বিষয়ে জানতে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।