চীনে আলোকচিত্র প্রদর্শনীতে মোস্তাফিজুরের ছবি
চীনের ইউনান প্রদেশের কুনমিং ও ডালি শহরে অনুষ্ঠিত ‘চায়না-সাউথ এশিয়া ডালি ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশন ২০২৬’-এ স্থান পেয়েছে বাংলাদেশি আলোকচিত্রী মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের আটটি আলোকচিত্র। গত ৯ জুন থেকে ১৭ জুন পর্যন্ত এই প্রদর্শনী চলে।
নয় দিনব্যাপী এ প্রদর্শনীতে বিভিন্ন দেশের আলোকচিত্রী, শিল্পী, কিউরেটর ও গবেষকেরা অংশ নেন। কুনমিংয়ের দিয়েনছি আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে প্রদর্শিত মোস্তাফিজুর রহমানের আটটি ছবিতে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, জীবনধারা ও সামাজিক বাস্তবতার চিত্র উঠে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি আলোকচিত্রীদের পক্ষে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে দক্ষিণ এশিয়া ও চীনের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া আরও জোরালো হবে। এই প্রদর্শনী বাংলাদেশের তরুণ আলোকচিত্রীদেরও অনুপ্রেরণা জোগাবে।
২০০৯ সাল থেকে শুরু হওয়া ডালি ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র উৎসব। এবার ছিল এর দশম আসর। এবারের উৎসবে ২৫টি দেশের ২ হাজার ২৬০ জন আলোকচিত্রীর ৮ হাজারেরও বেশি ছবি প্রদর্শিত হয়। এর মধ্যে বিদেশি আলোকচিত্রী ছিলেন ১০০ জনের বেশি।
এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, বাহরাইন ও ইতালিতেও মোস্তাফিজুর রহমানের ছবির প্রদর্শনী হয়েছে। আলোকচিত্রের জন্য একাধিক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন তিনি।