এবার আটকে গেলেন অস্কার মনোনয়ন পাওয়া সিরীয় চিত্রগ্রাহক

স্টার অনলাইন রিপোর্ট

অস্কার মনোনীত ইরানি পরিচালক আসগর ফরহাদির পর সিরীয় চিত্রগ্রাহক খালেদ খতিবও যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাননি।

এবারের অস্কার পুরস্কার বিতরণের অনুষ্ঠানে দাওয়াত পেলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি তাঁরা। কিন্তু এসব বিষয়ে কোন ব্যাখ্যা দেয়নি দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

আজ বিশ্ব চলচ্চিত্রাঙ্গণের সবচেয়ে বড় আয়োজন অস্কারের আসর বসবে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে। অতিথিরা এক এক করে আসতে শুরু করেছেন অনুষ্ঠানস্থলে, কিন্তু আসগরের ‘দ্য সেলসম্যান’ ছবিটি সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কার মনোনয়ন পেলেও তাঁকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি ট্রাম্প প্রশাসন।

একইভাবে, শেষ মূর্হুতে আটকে দেওয়া হলো ২১-বছর বয়সী সিরীয় চিত্রগ্রাহক খালেদকে। চলমান সিরীয় যুদ্ধের ওপর নির্মিত তাঁর ‘দ্য লিটল হেলমেটস’ প্রামাণ্যচিত্রটি শর্ট সাবজেক্ট বিভাগে মনোনয়ন পায় এবারের অস্কারে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে কয়েকটি মুসলমান-প্রধান দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছেন ইরান ও সিরিয়া সেই তালিকায় অর্ন্তভুক্ত।

(তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ)