৭-১০ দিনের মধ্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করবে।

আজ বুধবার রাজধানীতে কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান ও যুক্তরাজ্যের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮০ লাখ টিকা গ্রহণের সময় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'টিকা প্রদানে ইতোমধ্যেই আমরা আমাদের মূল লক্ষ্যের ৩২ ভাগ অতিক্রম করেছি। এখন হাতে আমাদের সাড়ে ৪ কোটি ডোজ টিকা রয়েছে। এ মাসেই ৭ থেকে ১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার কাজও শুরু করা হবে। কাজেই ভ্যাক্সিন প্রদানে আমরা বহু দেশের তুলনায় ভালো অবস্থায় রয়েছি। করোনায় এই মুহুর্তে আক্রান্ত ও মৃত্যুহার উভয়ই নিয়ন্ত্রণে রয়েছে। দেশে এখন পর্যন্ত ৩ জন ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে। আশার কথা, ৩ জনকেই আমরা কোয়ারেন্টিন করাতে সক্ষম হয়েছি। তারা চিকিৎসা নিচ্ছেন এবং এখন ভালো আছেন। তবে দেশের মানুষকে স্বাস্থ্যবিধির প্রতি লক্ষ্য রাখতে হবে, মুখে মাস্ক পড়তে হবে এবং টিকা নিতে আগ্রহী হতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারব।'

হস্তান্তর অনুষ্ঠানে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শেলডেন ইয়েট, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ দূতাবাস ও হাই কমিশনারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন।

বুস্টার ডোজ কর্মসূচিতে যাওয়ার আগে আগে টিকা গ্রহণ না করা ব্যক্তিদের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।