২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, শনাক্ত ১.৩২ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৭ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করে ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনের করোনা শনাক্ত হলো।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের সবাই পুরুষ। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন একজন এবং চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন। তবে, গত ২৪ ঘণ্টায় খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ১৪ শতাংশ।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।