২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত নেমেছে ১ শতাংশের নিচে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৪৭ জন।
তবে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ শতাংশের নিচে নেমেছে।
গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষা করে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনের করোনা শনাক্ত হলো।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। তাদের ২ জন খুলনা বিভাগের, ১ জন ঢাকা বিভাগের ও ১ জন বরিশাল বিভাগের।
গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১৪ দশমিক ০৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।