২৪ ঘণ্টায় মৃত্যু ২৭, শনাক্ত কমে ১৫.৪৬ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৫ হাজার ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৭৭১ জন।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয় এবং নতুন করে ৭ হাজার ২৬৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৯৫ শতাংশ।
শুক্রবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৭ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১২ জন নারী।
তাদের মধ্যে ১৪ জন ঢাকার, ৫ জন চট্টগ্রামের, ১ জন রাজশাহীর, ৪ জন খুলনার, ১ জন বরিশালের ও ২ জন সিলেটের।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ২০২২ সালের জানুয়ারি মাসে তৃতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত বছরের জুলাই ও অগাস্ট মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন। ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই শনাক্ত ৩০ শতাংশের বেশি ছিল।