২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৭, শনাক্ত ২.২৫ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। চলতি মাসে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে ১২ ডিসেম্বর করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়।

এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ৭০ জন।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করে ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জনের করোনা শনাক্ত হলো।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত হার ছিল ২ দশমিক ৩৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন পুরুষ ও ৩ জন নারী মারা গেছেন।

তাদের মধ্যে ৫ জন ঢাকা, ১ জন চট্টগ্রাম ও ১ জন রাজশাহী বিভাগের বাসিন্দা।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।