১২-১৮ বছরের সব শিক্ষার্থীকে জানুয়ারির মধ্যে টিকা: শিক্ষামন্ত্রী
১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া শেষ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, '১২ থেকে ১৮ বছর বয়সী মোট শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২। প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪৪ লাখ এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জনকে। প্রথম ডোজ দেওয়া বাকি আছে ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জনকে।'
তিনি আরও বলেন, 'আমরা আশা করছি ৩৯৭টি উপজেলায় ১৫ জানুয়ারির মধ্যে টিকাদান আমরা শেষ করতে পারব। আর ৩টি উপজেলায় ১৭ জানুয়ারি, ৫৬টি উপজেলায় ২০ জানুয়ারি, ১৫টি উপজেলায় ২২ জানুয়ারির মধ্যে, ৩৫টি উপজেলায় ২৫ জানুয়ারির মধ্যে এবং সব শেষ ১১টি উপজেলায় ৩১ জানুয়ারির মধ্যে টিকা দেওয়া শেষ করতে পারব।'