১২ থেকে ১৭ বছরের শিশুরা টিকা পাবে নথি ছাড়াই
দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুরা এখন থেকে কোনো প্রকার নথি ছাড়াই করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। অর্থাৎ, টিকা নিতে তাদের জন্মনিবন্ধন বা অন্য কোনো নথি দেখাতে হবে না।
আজ সোমবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশুরা টিকাকেন্দ্রে গেলে কিছু প্রয়োজনীয় কিছু তথ্য নিয়ে সেখানে তাদের টিকা দেওয়া হবে। বাড়তি কোনো কাগজ নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না।
অনুষ্ঠানে তিনি সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২০টি ডায়ালাইসিস শয্যার উদ্বোধন করেন।
এ ছাড়াও, সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতি মিনিটে ৫৩২ লিটার গ্যাসীয় মেডিকেল-অক্সিজেন উৎপাদনে সক্ষম একটি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।