সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে করোনা প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনা প্রতিরোধে বন্দরটিতে আগে থেকেই একটি মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে ৩টি ডিজইনফেকশন চেম্বার, সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা এবং ট্রাক দূষণমুক্ত করার জন্য স্প্রে করা হচ্ছে। ভারতীয় ট্রাক চালক ও সহকারীদের আইসোলেশনে রাখার ব্যবস্থাও করা হয়েছে।

বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, বন্দরে ১ হাজার ২৬৫ জন বাংলাদেশি শ্রমিক কাজ করেন। করোনার কারণে সামাজিক দূরত্ব মেনে এখন প্রতি দিন অর্ধেক শ্রমিক কাজ করছেন।

ভারত থেকে প্রতিদিন প্রায় ৩০০ আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক আসে বলে জানান তিনি। ট্রাকচালক ও সহকারীদের বন্দরে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও বলেন, 'বন্দরে আমরা করোনা প্রতিরোধে প্রবেশপথসহ ৩টি পয়েন্টে ডিজইনফেকশন চেম্বার বসিয়েছি। এর ভিতর দিয়ে মানুষ যাতায়াত করলে শরীরে স্প্রে করা হবে। এছাড়া বিভিন্ন পয়েন্টে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।'

চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল মতিন জানান, সোনামসজিদ স্থলবন্দরে করোনা প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দরে একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি মেডিকেল টিম শুরু থেকেই কাজ করছে।

ভারত থেকে আগত ট্রাকচালক ও সহকারীদের স্ক্যানিং করা হচ্ছে। এছাড়া তাদের জন্য বন্দরে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের পরপরই ক্লোরিন দিয়ে স্প্রে করা হয়।