সাতক্ষীরায় একদিনে আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ২২.৫৯ শতাংশ
ঈদকে সামনে রেখে চিকিৎসা শেষ না করেই হাসপাতাল ছাড়ছেন রোগীরা। ফলে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কমতে শুরু করেছে।
আজ সোমবার সকালে রোগী ছিলেন ২৪০ জন। গত এক মাসে হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ২৬৫-২৮৫ জন। হাসপাতালে রোগীর সংখ্যা কমতে শুরু করলেও মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমছে না।
গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আট জন। এরমধ্যে একজন করোনা পজিটিভ ও সাত জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ নিয়ে গত ১৯ দিনে করোনা উপসর্গ নিয়ে ১২৫ জনের মৃত্যু হলো। আর করোনা পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন আট জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৫ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৮৭ জন। শনাক্তের হার শতকরা ২২ দশমিক ৫৯ শতাংশ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস মণ্ডল জানান, সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগী কমতে শুরু করেছে। আজ রোগী আছেন ২৪০ জন। গতকাল রোববার রোগী ছিলেন ২৬২ জন। সোমবার রোগী ছিলেন ২৭০ জন। গত ১৮ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা ছিল ২৬৫-২৮৫ জন।
তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে রোগীদের অনেকে চিকিৎসা শেষ না করে নিজ দায়িত্বে ছুটি নিয়ে চলে যাচ্ছেন। ফলে ভর্তি রোগীর সংখ্যা কমেছে। তবে, উপসর্গ নিয়ে মৃত্যু কমেছে না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে সাত জন ও করোনা পজিটিভ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে চলতি মাসের ১৯ দিনে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জন ও করোনায় আট জনের। ১-৩০ জুন পর্যন্ত উপসর্গ নিয়ে ১২২ জন ও করোনায় ২৮ জন মারা যান। এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে ৪৭৫ জন ও করোনায় ৮২ জনের মৃত্যু হয়েছে।’
সাতক্ষীরা সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৫ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৮৭ জন। শনাক্তের হার শতকরা ২২ দশমিক ৫৯ শতাংশ। জেলায় এ পর্যন্ত ১৯ হাজার ৬৯১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ১৩ জন। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন হাজার ৬৭৮ জন। আজকে সরকারি-বেসরকারি হাসপাতালে ২৮ জন করোনা পজিটিভ রোগীসহ মোট রোগী আছেন ৩১৫ জন। এরমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন করোনা রোগীসহ ২৪০ জন। বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা এক হাজার ২৫৩ জন। এরমধ্যে সাতক্ষীরা সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ২৮ জন। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।’
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, ঈদকে সামনে রেখে অনেকে রোগী বাড়ি চলে যাচ্ছেন। ফলে রোগী কিছুটা কমেছে।
কিন্তু তিনি শঙ্কিত ঈদের পর কী হবে তা নিয়ে। জেলার গরুর হাটসহ বিপণিবিতানগুলোতে মানুষ কোনো ধরণের সামাজিক দূরত্ব মানছেন না। অনেকে মাস্ক মুখে না দিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেছেন উল্লেখ করে ডা. কুদরত-ই-খোদা বলেন, ‘প্রতিদিন গড়ে সাত-আট জন হাসপাতালে মারা যাচ্ছেন। নতুন করে অধিক মানুষ সংক্রমিত হলে করোনার এই ঢেউ সামাল দেওয়া কঠিন হবে।’