ষাটোর্ধ্বদের সিনোফার্ম ও সিনোভ্যাকের বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর
৬০ বছরের বেশি বয়সী যারা চীনা ভ্যাকসিন সিনোফার্ম ও সিনোভ্যাকের ২ ডোজ নিয়েছেন তাদেরকে অতিরিক্ত বুস্টার ডোজ নেওয়ার সুপারিশ করেছে করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
রয়টার্স জানায়, সোমবার সংস্থাটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনিজাইশন প্যানেলের পক্ষ থেকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের জন্য বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
চীনা টিকা উৎপাদনকারী সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহণকারীদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সীদের প্রথম ২ ডোজ টিকা নেওয়ার ১ থেকে ৩ মাসের মধ্যে বুস্টার ডোজ নেওয়ার সুপারিশ করেছে বিশেষজ্ঞ প্যানেল।
লাতিন আমেরিকায় একটি পরিচালিত গবেষণার ফলাফলের ভিত্তিতে এই অতিরিক্ত ডোজের সুপারিশ করা হয়েছে বলে জানায় তারা। ওই গবেষণায় বলা হয়েছে, সময় গড়ানোর সঙ্গে টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে।
বিশেষজ্ঞ প্যানেলের সেক্রেটারি জোয়াচিম হোমবাচ বলেন, 'সিনোফার্ম ও সিনোভ্যাক ডোজগুলোর পর্যবেক্ষণ করে 'স্পষ্টভাবে দেখা গেছে যে বয়স্কদের মধ্যে ২ ডোজ নেওয়ার পরেও এই ভ্যাকসিন তুলনামূলক কম কাজ করে।'
তাই কার্যকর সুরক্ষা পেতে অতিরিক্ত ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।