রামেক হাসপাতালে আজ মৃত্যু ২, জেলায় শনাক্ত কমে ১৪.১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

করোনায় আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় শনাক্তের হার আরও কমে শতকরা ১৪ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছর বয়সী একজন ও ষাটোর্ধ্ব আরেকজনের মৃত্যু হয়েছে। তারা দুজনই পুরুষ। দুজন রাজশাহীর বাসিন্দা। তাদের একজন করোনায় আক্রান্ত ছিলেন, অন্য জনের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবরেটরিতে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ১৫ জন। রামেক ল্যাবরেটরিতে মোট ২৭৪টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীর নমুনা পরীক্ষা করা হয়েছে ২০২টি, শনাক্ত হয়েছে ২৭ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৭০টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।

হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। বর্তমানে ১৪৬টি শয্যার বিপরীতে ৩৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।