রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ ও ৩ জন নারী।

আজ শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '৪ জনের মধ্যে একজন রাজশাহী ও ৩ জন নওগাঁর বাসিন্দা। এদের মধ্যে নওগাঁর একজন করোনায় আক্রান্ত ছিলেন।'

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৩ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করে ৭ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯৩টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া, রাজশাহীর ৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। তাদের কেউ করোনায় আক্রান্ত নন। পরীক্ষা বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের ৭ দশমিক ৫৩ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৮৫ জন। বর্তমানে মোট ১০৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।