রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের একজন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি ৩ জনের করোনার উপসর্গ ছিল।
আজ সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মারা যাওয়া ৪ জনের মধ্যে একজন রাজশাহীর ৩ জন এবং একজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তাদের মধ্যে রাজশাহীর একজন করোনায় আক্রান্ত ছিলেন।'
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৩ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষায় ৫ জনের শনাক্ত করা হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্ত হার ৬ দশমিক ২৩ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৮৭ জন।