রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তবে, তাদের কেউ করোনায় আক্রান্ত ছিলেন না।

আজ শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন নওগাঁর, ১ জন নাটোরের এবং ১ জন চুয়াডাঙ্গার বাসিন্দা। তাদের শরীরে করোনার সংক্রমণের উপসর্গ ছিল।'

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৪২টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৫ শতাংশ এবং নাটোরে ২ দশমিক ১৩ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৯ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১০৩ জন।