রাজশাহীতে আজ মৃত্যু ৫, সংক্রমণ কমে ৪১.৯৭ শতাংশ
রাজশাহীতে করোনায় ও সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় শনাক্তের হার কমে শতকরা ৪১ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রাজশাহীতে শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৪০ শতাংশ। হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়ার ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজন করোনায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া, রাজশাহীর ৩ জন ও নাটোরের একজনের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবরেটরিতে ১৮৬টি নমুনা পরীক্ষা করে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে মোট ৪৬২টি নমুনা পরীক্ষা করে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫০টি, শনাক্ত হয়েছে ৯১ জন। জয়পুরহাটের ৬টি নমুনা পরীক্ষা করে একজন, চাঁপাইনবাবগঞ্জের ৭৯টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন এবং নাটোরের ১২৮টি নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জয়পুরহাটে শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৪৪ দশমিক ৩০ শতাংশ এবং নাটোরে ২৩ দশমিক ৪৪ শতাংশ।
হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১৬ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ জন। বর্তমানে ১৪৬টি শয্যার বিপরীতে ৬৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।