রাজশাহীতে আজ মৃত্যু ৩, জেলায় শনাক্ত ২২.২২ শতাংশ
রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় শনাক্তের হার কিছুটা কমে শতকরা ২২ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় একজন নারী ও ২ জন পুরুষের মৃত্যু হয়েছে। তারা রাজশাহী, নওগাঁ ও নাটোরের বাসিন্দা।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবরেটরিতে ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ২০ জন। রামেক ল্যাবরেটরিতে মোট ৩৭২টি নমুনা পরীক্ষা করে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭৭টি, শনাক্ত হয়েছে ৪০ জন। এ ছাড়া, জয়পুরহাটের ৭০টি নমুনা পরীক্ষা করে ২২ জনও নাটোরের ১১০টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জয়পুরহাটে শনাক্তের হার ৩১ দশমিক ৪৩ শতাংশ ও নাটোরে ২৯ দশমিক ০৯ শতাংশ।
হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৭ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ জন। বর্তমানে ১৪৬টি শয্যার বিপরীতে ৫৮ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।