রাজশাহীতে আজ মৃত্যু ২, শনাক্ত ৩৩.৫৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে করোনায় ও সংক্রমণের উপসর্গ নিয়ে মৃত্যু এবং শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় শনাক্তের হার কিছুটা বেড়ে শতকরা ৩৩ দশমিক ৫৫ শতাংশে দাঁড়িয়েছে। গতকাল ছিল ২০ দশমিক ৬৯ শতাংশ।

আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়েছে। তাদের সংক্রমণের উপসর্গ ছিল। দুজনই রাজশাহীর বাসিন্দা।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবরেটরিতে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ৪২ জন। রামেক ল্যাবরেটরিতে মোট ২৭৯টি নমুনা পরীক্ষা করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীর নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৩টি, শনাক্ত হয়েছে ৬১ জন। জয়পুরহাটের ৫টি নমুনা পরীক্ষা করে একজন এবং নাটোরের ৬২টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় জয়পুরহাটে শনাক্তের হার ২০ শতাংশ এবং নাটোরে ২৪ দশমিক ১৯ শতাংশ।

হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৭ জন ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন। বর্তমানে ১৪৬টি শয্যার বিপরীতে ৬৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।