রাজধানীতে দোকান মালিক-কর্মচারীদের করোনার টিকা দেওয়া শুরু
ঢাকায় দোকান মালিক-কর্মচারীদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রাজধানীকে ১০টি অঞ্চলে ভাগ করে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।
প্রথম দিনে আজ শনিবার উত্তরায় ফ্রেন্ডসক্লাব মাঠে সাড়ে ৩ হাজারের বেশি দোকান মালিক-কর্মচারীকে সিনোভ্যাকের প্রথম ডোজ টিকা দেওয়া হয়। ১৮ বছরের বেশি বয়সী টিকাগ্রহীতার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ দেখে তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে।
প্রথম দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর পরিচালক ডা. মো. শামসুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
পর্যাপ্ত টিকা মজুদ থাকার কথা উল্লেখ করে ইপিআই এর পরিচালক ডা. মো. শামসুল হক বলেন, 'দেশের মানুষকে দ্রুত টিকার আওতায় আনতে কাজ চলছে।'
রেড ক্রিসেন্ট সোসাইটির কোভিড-১৯ কার্যক্রমের অপারেশন ইনচার্জ রেজওয়ান নবীন বলেন, 'রাজধানীতে আরও ৯টি ধাপে দোকান মালিক-কর্মচারীদের জন্য টিকা কর্মসূচি চলবে। পুরো ঢাকার ৫০ হাজারের বেশি ব্যবসায়ী-কর্মচারীদের টিকা দেওয়ার পরিকল্পনা আছে।'
কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলাদেশ দোকান-মালিক সমিতির উদ্যোগে মাসব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এক শ জন ভ্যাক্সিনেটর এবং দুই শ জন স্বেচ্ছাসেবক।