যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা পেল বাংলাদেশ
কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটি বাংলাদেশকে মোট ৪ কোটি ৫০ লাখ ডোজ টিকা দিয়েছে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ ডি'অ্যাফেয়ার্স হেলেন লাফেভ আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র যত বেশি সম্ভব মানুষকে টিকার আওতায় আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিকা পৌঁছে দিতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।'
করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র টিকা সরবরাহ ছাড়াও দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচিতে সহযোগিতা করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এ পর্যন্ত ৭ হাজার স্বাস্থ্যকর্মীকে টিকার সঠিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া টিকা সংরক্ষণ ও পরিবহণেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত আছে।