মৃত্যুর সংখ্যা বাড়ছে, আজ ৪৩ জন

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৮ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৮ লাখ ৭৯ হাজার ২৫৫ জনের করোনা শনাক্ত হলো এবং এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮ হাজার ৬৭০ জন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। তার আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৩৬ জনের।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪১ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়ায় ৪৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৭ জন নারী।

তাদের মধ্যে ১৫ জন ঢাকার, ১১ জন চট্টগ্রামের, ২ জন রাজশাহীর, ১৩ জন খুলনার, ১ জন রংপুরের ও ১ জন ময়মনসিংহের।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২২ সালের জানুয়ারি মাসে তৃতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত বছরের জুলাই ও অগাস্ট মাসে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন। ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনই শনাক্ত ৩০ শতাংশের বেশি ছিল।

ফেব্রুয়ারির প্রথম দিন থেকে সংক্রমণ ৩০ শতাংশের নিচে নামলেও জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মৃত্যু বেড়েছে।

২০২২ সালে এ পর্যন্ত দেশে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত ২ ও ৫ ফেব্রুয়ারি। এই দুই দিনই ৩৬ জন করে করোনায় মারা গেছেন।