মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ২০.১৫ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে কোভিড ডেডিকেটেড ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জন মারা গেছেন। এদের মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। একজন সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন।

একই সময়ে ৩৮২টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১৫ শতাংশ। আজ রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

কোভিড ডেডিকেটেড ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কাজী একেএম রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ২৪ ঘণ্টায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাঁচ জন। এদের মধ্যে করোনায় চার জন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২৯০ জন। এর মধ্যে করোনায় ৮১ জন ও উপসর্গে ২০৯ জন মারা গেছেন।'

রাসেল আরও বলেন, 'আজ দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ১৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন।'

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৭ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ২৯ জন। এ ছাড়া, সিংগাইরের ২৬ জন, শিবালয়ের পাঁচ জন, দৌলতপুরের পাঁচ জন, হরিরামপুরের পাঁচ জন, ঘিওর উপজেলা চার জন ও তিনি জন সাটুরিয়া উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, 'এ পর্যন্ত ৩৮ হাজার ৩৪৩টি নমুনা পরীক্ষায় সাত হাজার ৩৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ২৯৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১৮ জন।'