মানিকগঞ্জে ১ হাজার ৭৪ স্কুল শিক্ষার্থীকে করোনা টিকা
বিশেষ ব্যবস্থায় করোনা টিকা দেওয়া হয়েছে মানিকগঞ্জ সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ১ হাজার ৭৪ জন শিশু শিক্ষার্থীকে।
আজ সোমবার মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টিকাদান কর্মসূচি।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ১২ থেকে ১৭ বছর বয়সীদের এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লুৎফর রহমান ও জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইউনিক জন্ম নিবন্ধন কার্ড সঙ্গে নিয়ে তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে টিকা নেওয়ার সুযোগ পান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিজ জেলা মানিকগঞ্জের শিশু শিক্ষার্থীরা। স্বাস্থ্য বিভাগের ৮ জন টিকাদান কর্মী তাদের টিকা প্রদান করেন। এ ছাড়া, তাদের সহায়তা করেছেন ১৬ জন ভলান্টিয়ার।'
তিনি আরও বলেন, 'আজ সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য বিভাগের সুরক্ষা অ্যাপসটির সার্ভার কাজ না করায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখনো নিবন্ধন করতে পারেনি।'
জেলা শিক্ষা অফিসার রেবেকা বলেন, 'গত ১৪ অক্টোবর, মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের উপস্তিতিতে পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি এস কে বালিকা বিদ্যালয়, গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয় এবং আটিগ্রাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১১২ শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়েছিল। টিকা দেওয়ার পর শিক্ষার্থীদের নিজ নিজ বাসায় ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হয়। স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত এসব শিক্ষার্থীদের বাসায় তদারকি করেন। ১৪ দিনেও টিকা গ্রহণকারী কোনো শিক্ষার্থীর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।' এ ছাড়া, টিকা প্রয়োগে শতভাগ সাফল্য হয়েছে বলেও তিনি জানান।