মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪

স্টার অনলাইন রিপোর্ট

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের করোনা সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছিল।

গত বছরের ২৬ অক্টোবর মমেক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর সংক্রমণের হার কমে এসেছিল। ২ মাস ১৬ দিন চলতি বছরের ১২ জানুয়ারি আবারও সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়।

আজ বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, নেত্রকোণা ও জামালপুরের ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী। বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে।

হাসপাতালের নথি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন।

ডা. মহিউদ্দিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ২৪৯ জন। টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১৮ জন।