মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।
আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলের এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া, ময়মনসিংহের ৪ জন সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী।
হাসপাতালের নথি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ জন। বর্তমানে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৭৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৪৬ জন আক্রান্ত, বাকিদের সংক্রমণের উপসর্গ রয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ৮ জন।
ডা. মহিউদ্দিন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ২১০ জন। টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১৬ জন।