মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৪

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'করোনা ওয়ার্ডে মারা যাওয়া একজন করোনা শনাক্ত হয়েছিলেন এবং ৩ জনের উপসর্গ দেখা গিয়েছিল। এদের মধ্যে ৩ জন ময়মনসিংহ ও একজন জামালপুরের বাসিন্দা। তাদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ।'

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১২৯ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগষ্ট মাসে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

ডা. মো. মহিউদ্দিন বলেন, 'হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি আছেন ১১৭ জন। এর মধ্যে ৭ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২৭৫টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে ২১ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ২৪ জন।