ভাসমান জনগোষ্ঠী ও কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান আগামীকাল
ভাসমান জনগোষ্ঠী এবং কওমি মাদ্রাসাগুলোতে আগামীকাল থেকে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামীকাল বিকেলে বা সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাসমান জনগোষ্ঠীর টিকাদান কর্মসূচি শুরু হবে। ১ দিনে কত সংখ্যক মানুষকে টিকা দেওয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। আজই আমরা সংখ্যা নির্ধারণ করে জানিয়ে দেবো। তবে আমাদের প্রস্তুতি থাকবে অন্তত ১ হাজার মানুষকে টিকার আওতায় আনার।
শামসুল হক আরও বলেন, আগামীকাল সকাল থেকে আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেবো। শিক্ষার্থীদের তালিকা নিয়ে সেভাবে নির্ধারণ করা হবে আমরা ১ দিনে কত সংখ্যক শিক্ষার্থীকে টিকা দেবো। সেটাও আমরা আজই নির্ধারণ করবো। পরবর্তীতে সেই তথ্য আমরা জানাবো।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসকারীদের জনসনের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। কারণ এটি সিঙ্গেল ডোজ টিকা।