ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরে পজিটিভ শনাক্ত
ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফেরেন মা ও ছেলে। বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাদের বিষয়ে সন্দেহ হয় মেডিকেল টিমের। পরে নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়।
শুক্রবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তারা পজিটিভ শনাক্ত হন।
পজিটিভ শনাক্ত হওয়া যাত্রীদের কড়া নিরাপত্তায় যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে নিয়ে ভর্তি করা হয়।
আক্রান্ত যাত্রীরা খুলনা শহরের বসবাস করেন। চিকিৎসান জন্য মেডিকেল ভিসায় গত মাসে বেনাপোল দিয়েই ভারতে গিয়েছিলেন তারা।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার সুভাশিস রায় দ্য ডেইলি স্টারকে জানান, আক্রান্ত ব্যক্তিরা ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। মেডিকেল টিম তখন মা ও ছেলের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে বেশি দেখতে পান। পরে তাদের শরীর থেকে নমুনা নিয়ে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হলে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে পাঠানো হয়।
তবে তাদের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন আছে কি না তা পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
এ ছাড়া, গত এক সপ্তাহে ভারত ফেরত থেকে ৭ বাংলাদেশি করোনা পজিটিভ হয়েছেন।