ভারতে আবার ঊর্ধ্বমুখী সংক্রমণ, সব রাজ্যে ফিল্ড হাসপাতাল প্রস্তুতের নির্দেশ

স্টার অনলাইন ডেস্ক

ভারতে করোনার সংক্রমণ রোধে রাজ্য সরকারের জন্য একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় সরকার। ওই নির্দেশনায় সব রাজ্যে ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা ও কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দিয়েছে কেন্দ্র।

আজ শনিবার ওই নির্দেশনা জারি করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে পাঠানো একটি চিঠিতে করোনার সংক্রমণ মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ওই চিঠিতে স্বাস্থ্য সচিব রাজ্যগুলোকে অস্থায়ী হাসপাতাল স্থাপনের প্রক্রিয়া শুরু এবং সংক্রমণ পর্যবেক্ষণে কন্ট্রোল রুম গঠনের পরামর্শ দিয়েছেন। জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন এবং করোনার জন্য নির্দেশিত স্বাস্থ্য পরিকাঠামো পুনরায় প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যসেবা অবকাঠামোতে চাপ পড়তে পারে। তাই ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা উচিত এবং জেলা পর্যায়ে নজরদারি বাড়াতে হবে।

গতকাল ৩১ ডিসেম্বর ভারতে ৭০ দিনের মধ্যে সর্বোচ্চ ১৬ হাজার ৭৬৪ জনের করোনা শনাক্ত হয়। এরপর শুক্রবার রাজেশ ভূষণ এবং আইসিএমআর প্রধান বলরাম ভার্গব সব রাজ্যের বিভিন্ন স্থানে চব্বিশ ঘণ্টার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট বুথ স্থাপন, চিকিৎসা ও প্যারামেডিকেল কর্মীদের নিয়োগের পরামর্শ দেন। এছাড়া, উপসর্গযুক্ত ব্যক্তিদের হোম টেস্ট কিট ব্যবহারে উৎসাহিত করারও পরামর্শ দেন।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার কেন্দ্রীয় পরিবার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী- ভারতের ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩১ জনে। সরকার জানিয়েছে, দ্রুত ছড়িয়ে পড়া ভাইরাসের এই ভ্যারিয়েন্টটি ২৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে।