বেনাপোলে ভারতফেরত ২ যাত্রীর করোনা শনাক্ত
ভারতে চিকিৎসা শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত আসা ২ বাংলাদেশির করোনা শনাক্ত হয়েছে।
আজ বুধবার সকাল ১২টার দিকে তারা ভারত থেকে বেনাপোল চেকপোস্টে এলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হন। তবে, তাদের সঙ্গে থাকা আরেক যাত্রী রিপোর্ট নেগেটিভ এসেছে।
বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত ২ জনকে ও তাদের সঙ্গে থাকা আরেক যাত্রীকে বিশেষ ব্যবস্থায় বেনাপোল থেকে যশোর নিয়ে আইসোলেশনে রাখা হয়েছে। আজ বিকেলে তাদের যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে ভর্তি করা হয়। সেখানে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মো. রাজু আহমেদ জানান, ২ যাত্রী ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। চেকপোস্টে তাদের করোনা শনাক্ত হয়। পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে।
করোনা শনাক্ত ২ জন হলেন- হাবিবুর রহমান (৬০) ও হাবিবুল্লাহ সোহান (৩০)।