বুস্টার ডোজে ফাইজারের পরিবর্তে দেওয়া হবে মডার্না

স্টার অনলাইন রিপোর্ট

দেশে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজারের পরিবর্তে মডার্না ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল বুধবারের তারিখে কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকের সই করা একটি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে দেশের সকল পর্যায়ে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে ৩ ডোজ/বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো। এ ক্ষেত্রে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন শুধুমাত্র স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের (১২-১৭ পূর্ণ বছর বয়সী) উভয় ডোজ এবং যারা প্রথম ডোজ হিসেবে ফাইজার ভ্যাকসিন গ্রহন করেছেন তাদের জন্য ২য় ডোজ সংরক্ষণ করতে হবে।