বুস্টার ডোজের ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তনের সুযোগ
বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে ভিন্ন জেলায় অবস্থানের সময় কেন্দ্র পরিবর্তন করে বুস্টার ডোজ নেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু, একই জেলার মধ্যে কেন্দ্র পরিবর্তনের এই নির্দেশনা প্রযোজ্য হবে না।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ম্যানেজমেন্ট টাস্কফোর্স কমিটির পরিচালক এবং সদস্য-সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিভিন্ন কারণে ভ্যাকসিন গ্রহীতাদের অনেকের পক্ষেই কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ প্রাপ্তির স্থান থেকে বুস্টার ডোজের ভ্যাকসিন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ভিন্ন জেলায় অবস্থানকালে জেলা পরিবর্তন করে সুবিধামতো যেকোনো ভ্যাকসিনেশন কেন্দ্র থেকে বুস্টার ডোজের ভ্যাকসিন প্রদান করা যাবে। তবে একই জেলার মধ্যে কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশনাটি প্রযোজ্য নয়।'
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'ভ্যাকসিনেশন কার্ড প্রদর্শন সাপেক্ষে বুস্টার ডোজ প্রদান করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করে তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে। ইতোমধ্যে প্রদত্ত ভ্যাকসিনের যেসব তথ্যাদি সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করা হয়নি তা অনতিবিলম্বে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।'