বাংলাদেশের করোনা টিকা কার্যক্রমে ২৫ কোটি ইউরো ঋণ সহায়তা দেবে ইআইবি
নিরাপদ ও কার্যকর টিকা কেনা এবং করোনা টিকা কার্যক্রম পরিচালনায় বাংলাদেশকে ২৫ কোটি ইউরো ঋণ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়নের ঋণদাতা প্রতিষ্ঠান ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইআইবি জানায়, এটি দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ ৪২ দশমিক ৫ কোটি ইউরো সহায়তার প্রথম ধাপ।
করোনা টিকাদানে সুদূরপ্রসারী সহায়তা ও স্বাস্থ্যসেবা সমৃদ্ধ করা এ সহায়তার অন্যতম উদ্দেশ্য বলে জানায় ব্যাংকটি।
বাংলাদেশ ও মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এ সহায়তার আওতায় পড়বে বলে জানানো হয়েছে।
ইআইবির দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান কেটেল টমসেন বলেন, 'এ অঞ্চলের নাগরিকদের করোনার কবল থেকে নিরাপত্তা দেওয়া এবং তাদের কার্যকর ভ্যাকসিন প্রদানে সহায়তা করতে পেরে ইআইবি খুবই গর্বিত। কোভ্যাক্সের আওতায় ইআইবির ১.৩ বিলিয়ন ইউরো সহায়তা বৈশ্বিক টিকাদান কর্মসূচিকে তরান্বিত করার পাশাপাশি ভাইরাসের বিরুদ্ধে আমাদের চলমান যুদ্ধের বিজয় নিশ্চিত করবে।'
ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, 'বাংলাদেশ ও ইআইবির ২২ বছরের অংশীদারিত্বে টিকা কিনতে ২৫ কোটি ইউরোর এ ঋণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ।'
গত বছর বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ১৬০টি দেশে ইআইবি বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমে ৮ দশমিক ১ বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।