‘পরবর্তী মহামারি করোনার চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে’
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার অন্যতম উদ্ভাবক সারাহ গিলবার্ট বলেছেন, ভবিষ্যতের মহামারিগুলো করোনার চেয়ে আরও বেশি প্রাণঘাতী হতে পারে। তাই করোনা থেকে শিক্ষা নিতে হবে এবং বিশ্বকে পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।
আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক সারাহ গিলবার্ট ৪৪তম রিচার্ড ডিম্বলবি লেকচার দেওয়ার সময় আরও বলেন, 'ভবিষ্যতের মহামারির প্রস্তুতির জন্য আরও তহবিল থাকা দরকার।'
ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, 'এটি সম্পর্কে আরও তথ্য না জানা পর্যন্ত মানুষের সতর্ক থাকা উচিত।'
সারাহ গিলবার্ট বলেন, 'কোনো ভাইরাস আমাদের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে— এটিই এমন শেষ ঘটনা নয়। সত্যি কথা হলো, পরবর্তী মহামারি আরও খারাপ হতে পারে। এটি আরও সংক্রামক বা আরও প্রাণঘাতী বা উভয়ই হতে পারে।'
'আমরা যে অগ্রগতি করেছি এবং যে জ্ঞান অর্জন করেছি, তা হারিয়ে যেতে দেওয়া যাবে না', যোগ করেন তিনি।