নিরম্যাট্রেলভির ও রিটোনাভির করোনার চিকিৎসায় ৮৮ ভাগ কার্যকর: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

করোনায় আক্রান্তদের চিকিৎসায় আজ থেকে দেশের বাজারে মুখে খাওয়ার দুটি ওষুধের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই ওষুধ দুটির নাম নিরম্যাট্রেলভির ও রিটোনাভির।

ওষুধ দুটি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, 'করোনা আক্রান্ত ১২ বছরের বেশি বয়সীরা ওষুধ দুটি সেবন করতে পারবেন। এই ওষুধ করোনার চিকিৎসায় ৮৮ ভাগ কার্যকর, তবে ভ্যাকসিনের বিকল্প নয়। যারা আক্রান্ত হননি তারা ভ্যাকসিন নিবেন। আর যারা আক্রান্ত হয়েছেন তারা এই ওষুধ সেবন করবেন।'

আজ সন্ধ্যায় মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান।

তিনি আরও বলেন, '৩১ কোটি ভ্যাকসিন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। এ পর্যন্ত ১৭ কোটি হাতে চলে এসেছে এবং ১২ কোটি ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে ৭ কোটি প্রথম ডোজ এবং ৫ কোটি দ্বিতীয় ডোজ। নতুন বছরের প্রথম দিন থেকে করোনার ভ্যাকসিন প্রতিটি ওয়ার্ড থেকে দেওয়া হবে। দেশের ১৪ হাজার ওয়ার্ডের ২৮ হাজার বুথে একযোগে টিকা দেওয়া হবে।'

তিনি বলেন, ওমিক্রনের প্রথম পর্যায়ে শনাক্তের সংখ্যা কম থাকলেও এখন তা বেড়ে যাচ্ছে। কয়েকদিন আগে শনাক্তের সংখ্যা ছিল ২০০-২৫০। কিন্তু আজ সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪০০। করোনায় নিয়ন্ত্রণ আছে, একেবারে চলে যায়নি। এ কারণে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।'

উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম প্রধান ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড করোনা চিকিৎসায় খাওয়ার ওষুধ জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। এটি নিরম্যাট্রেলভিরের বিশ্বের প্রথম জেনেরিক ভার্সন যা রিটোনাভির সঙ্গে মিলিয়ে 'প্যাক্সোভির' নামে বাজারজাত করা হবে।