তালতলী তাপ বিদ্যুৎকেন্দ্রের ২২ চীনা কর্মীর করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ২২ চীনা কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বরগুনা সিভিল সার্জন কার্যালয় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, কয়েকদিন ধরে ওই চীনা কর্মীরা জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ তাদের পজিটিভ রিপোর্ট আসে।

ওই তাপ বিদ্যুৎ প্রকল্পের সব কর্মকর্তা ও শ্রমিকদের সবার পর্যায়ক্রমে করোনা পরীক্ষা করা হবে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়।

জানতে চাইলে বরগুনার সিভিল সার্জন মারিয়া হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাপ বিদ্যুৎকেন্দ্রের করোনা শনাক্ত হওয়া ওই চীনা নাগরিকদের বিদ্যুৎ কেন্দ্রে আইসোলেশনে রাখা হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।'

এ বিষয়ে জানতে চাইলে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, 'করোনা আক্রান্ত চীনা নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেনের ব্যবস্থাও আছে।'