টিকাদানে দ. এশিয়ায় কেবল আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

স্টার অনলাইন রিপোর্ট

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনার টিকাদান কার্যক্রমে বাংলাদেশ কেবল আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। গত ২ ডিসেম্বর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত আউটলুকে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ভুটানের অবস্থান সবচেয়ে ভালো। প্রথম অবস্থানে থাকা এই দেশটি ইতোমধ্যে ৮০ শতাংশ টিকা দিয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে মালদ্বীপ। দেশটির সরকার মালদ্বীপের নাগরিকদের মধ্যে ৭৫ শতাংশের বেশি টিকা দিয়েছে। 

তৃতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। দেশটির ৭০ শতাংশ নাগরিক ইতোমধ্যে টিকা পেয়েছেন।

ভারত ও নেপাল এ পর্যন্ত ৩০ শতাংশ নাগরিককে টিকা দিতে পেরেছে।

এ তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকা পাকিস্তানের জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ করোনা টিকা পেয়েছেন। 

তালিকায় সপ্তম বাংলাদেশ ও আফগানিস্তান অষ্টম। এই দুই দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশেরও কম এ পর্যন্ত টিকা নিতে পেরেছেন।

আওয়ার ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, গত ৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রায় ২৪ দশমিক ৫০ শতাংশ নাগরিক পুরো ২ ডোজ টিকা পেয়েছেন এবং এক ডোজ পেয়েছেন ১৫ দশমিক ০৯ শতাংশ নাগরিক। 

এশিয়ার ৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম।