চট্টগ্রামে ২৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নগরীতে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একই সময়ে ১০টি ল্যাবে ১ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৪ জনের বাড়ি মহানগর এলাকায় ও ১১ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ। আজ বুধবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে একজনের বাড়ি লোহাগাড়া পটিয়ায়। এ ছাড়া, বোয়ালখালীর ৫ জন, রাঙ্গুনিয়ার একজন ও ৩ জন রাউজানের বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৯০৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৭৩ হাজার ৭৮০ জন ও ২৮ হাজার ১২৪ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। মহানগর এলাকার ৭২০ ও উপজেলা পর্যায়ের ৫৮৮ জনসহ মোট ১ হাজার ৩০৮ জন মারা গেছেন।