চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১২.৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

৪ মাসেরও বেশি সময় পর চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১২ দশমিক ৪০ শতাংশে পৌঁছেছে।

মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ১ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২২টি নমুনা পজিটিভ এসেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী জানান, পজিটিভ আসা নমুনাগুলোর মধ্যে ১৭৪টি শহর এলাকার। বাকি ৪৮টি আশপাশের বিভিন্ন উপজেলার।

এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তের হার ছিল ৯ শতাংশ। তার আগে ছিল ৫ দশমিক ৫ শতাংশ।

ইলিয়াস চৌধুরী জানান, সর্বশেষ গত ৩১ আগস্ট চট্টগ্রামে করোনা শনাক্তের হার ছিল ১৩ শতাংশ।

তিনি বলেন, সুসংবাদ হলো গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত কারুর মৃত্যু হয়নি।

তার ভাষ্য, ভ্যাকসিন নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলা সংক্রমণ কমিয়ে আনার মূল চাবিকাঠি।