খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্তের হার ৩২.৮৬ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ২৫২টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৭৪০ জনের।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হওয়া পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৮৬ শতাংশ।

গতকাল ২ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ১৪ শতাংশ। এ সময়ে মারা যান ১ জন।

আজ দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন।

৭৪০ জনের মধ্যে সর্বোচ্চ ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে খুলনা জেলায়। এ ছাড়া, কুষ্টিয়ায় ১৩২, যশোরে ১১১, বাগেরহাটে ৩৯, সাতক্ষীরায় ৫২, ঝিনাইদহে ৬০, চুয়াডাঙ্গায় ৭৪, নড়াইলে ২০, মাগুরায় ২২ এবং মেহেরপুরে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৩ হাজার ৫২৭ জনের এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৯ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ২১৬ জন।