খুলনায় আজও মৃত্যু ৪, শনাক্তের হার কমে ২৬.১৫ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনার করোনা ডেডিকেটেড দুইটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত চার জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৮টা গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তিন জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই করোনায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া, আজ সকাল পর্যন্ত ১৩৭ জন রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে রেড জোনে ৫০ জন, ইয়ালো জোনে ৫৩ জন, এইচডিইউতে ১৪ জন এবং আইসিইউতে ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ১০ জন।

গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৩৮৯টি নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬৭টি নমুনা খুলনা জেলার। নতুন শনাক্ত রোগীদের মধ্যে খুলনার বাসিন্দা ৯৬ জন, বাগেরহাটের একজন ও পিরোজপুরের একজন।