কোভিডে উপসর্গ না থাকলে ৫ দিন আইসোলেশন: সিডিসি
করোনা শনাক্ত হয়েছে কিন্তু উপসর্গ নেই এমন রোগীদের আইসোলেশনের সময় ১০ দিন থেকে কমিয়ে ৫ দিন করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সিডিসি)। তবে আইসোলেশন শেষে তাদেরকে অবশ্যই ৫ দিন মাস্ক পরতে হবে।
আইসোলেশনের সময় কমানোর একটি ব্যাখ্যাও দিয়েছে সিডিসি। তারা বলছে, উপসর্গ দেখা দেওয়ার দুই দিন আগে থেকে শুরু করে এবং উপসর্গ দেখা দেওয়ার পরের তিন দিন একজন সংক্রমিত ব্যক্তি সবচেয়ে বেশি ভাইরাস ছড়ান। তাই উপসর্গহীনদের কোভিড-১৯ শনাক্ত হওয়ার পরের ৫ দিন আইসোলেশনই যথেষ্ট।
ওমিক্রনের কারণে যুক্তরাষ্ট্রে বিভিন্ন এলাকায় কর্মীর সংকট চলছে। আশা করা হচ্ছে আইসোলেশন সময় কমিয়ে দেওয়ায় এই সংকট কমবে।
যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন যত মানুষের করোনা শনাক্ত হচ্ছে তাদের অর্ধেকের বেশি আক্রান্ত হচ্ছেন ওমিক্রন ভ্যারিয়েন্টে। প্রাথমিক তথ্য বলছে, ডেল্টা বা অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন দ্রুত ছড়ালেও এতে গুরুতর অসুস্থ হওয়ার হার কম।
গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্রজুড়ে দৈনিক দুই লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে।
সম্প্রতি দেশটিতে ব্যাপক হারে মানুষের করোনা শনাক্ত হওয়ায় বিমান চলাচলসহ বিভিন্ন সেক্টরে কর্মী সংকট তৈরি হয়েছে। বিমান সংস্থাগুলো বড়দিনের ছুটির মধ্যে হাজারো ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
এই পরিস্থিতিতে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে এয়ারলাইন্সগুলোও আইসোলেশনের নিয়ম পরিবর্তনের দাবি তুলেছিল। তবে সিডিসি বলছে, বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতেই তারা আইসোলেশনের সময়ে পরিবর্তন এনেছেন।