করোনা নিয়ন্ত্রণে ২-১ দিনের মধ্যে বেশ কিছু বিধিনিষেধ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'করোনাভাইরাস নিয়ন্ত্রণে ২-১ দিনের মধ্যে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার।'
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে ব্যক্তিগত তহবিল থেকে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার ৩ হাজার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সকল হাসপাতালের নার্স-চিকিৎসকেরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। সকল দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না। বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সকল পরিবহনে অর্ধেক যাত্রী বহন করতে হবে। মাস্ক ছাড়া বাইরে গেলেই ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করবে।'
তিনি আরও বলেন, 'বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে করোনা সংক্রামণ বাড়ছে। বাংলাদেশে করোনা সংক্রামণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে। স্কুল-কলেজ খোলা রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার জন্য আপাতত কোনো পরিকল্পনা নেই।'
'দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনো অর্থনীতির চাকা ঘুরছে। কল-কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে। এই পরিস্থিতি বজায় রাখার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,' যোগ করেন তিনি।